তালার খেশরা ও সরুলিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম, তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধিঃ তালা উপজেলার সরুলিয়া ও খেশরা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,১৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সরুলিয়া ইউনিয়নের আমতলাডাঙ্গী বাজার মোড়ে ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী পথসভায় সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমসহ দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর। আমরা তালা–কলারোয়া উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোস্তফা কামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম এবং বিশিষ্ট আইনজীবী বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।
একইদিন বিকাল ৫ টায় খেশরায় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গফুরের সভাপতিত্বে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































